ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলের মধুপুরের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চাই, যাতে তারা সারা জীবন ভালো থাকেন। আজ মধুপুরের পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা, দাবি ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন এবং এ জন্য তাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে লিখিত আকারে উপস্থাপন করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত এলাকায় ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে মন্ত্রী জানান। জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাদের সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী রীতিতে নেচে-গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রার সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিং, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।