ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ধর্মীয় চর্চা করতে এদেশে আর কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে না এবং যার যার ধর্ম স্বাধীনভাবেই পালন করবে। বুধবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সকলে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করবে এবং কারও ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না। এ বছর পূজা পালনে কচুয়াতে বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। এছাড়া কচুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. আবু নাছির ও কচুয়া থানার অফিসার্স ইনচার্জ আজিজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও পুণ্যার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।