agamir somoy
ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির ‘ফলপ্রসূ’ আলোচনা
বিজ্ঞাপন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিক্ততা কমাতে নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছে উভয় পক্ষ।

বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি উপস্থিত ছিলেন এবং অসুস্থতার কারণে জ্যারেড কুশনার দূর থেকে অংশ নেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট নতুন কিছু প্রস্তাব সামনে এনেছেন। বেসামরিক নাগরিক ও জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা মোকাবিলায় গোয়েন্দা তথ্য সরবরাহ পুনরায় চালু করায় ওয়াশিংটনকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি এবং ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। জেলেনস্কি অভিযোগ করেছিলেন, পেন্টাগন প্রয়োজনীয় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি করছে। এছাড়া সামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারশিল্ডের গতি কমিয়ে দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কিকে অবশ্যই রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের পরবর্তী গন্তব্য রাশিয়া, যেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করবেন।

অসলোর এই বৈঠকের আগে জেলেনস্কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিনেটরদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের উপস্থিতিতে জেলেনস্কি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা পাওয়ার ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের সমন্বয় অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন