স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এসব অপশক্তি সুযোগ পেলেই দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতার অনলে ঘি ঢেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে।
বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন বিএনপির ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টির নানামুখী ষড়যন্ত্র নিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সম্প্রতি জাতিকে অবহিত করেছেন। এমনকি কয়েকটি শিল্পাঞ্চলে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই দলকে দুর্বল করতে না পারে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল উপস্থিত ছিলেন।