গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক সাংবাদিকের মুক্তির বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মস্কোয় এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠিয়েছে জাপান। রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, বিরোধপূর্ণ কয়েকটি দ্বীপের কাছাকাছি দেশটির সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপে এক জাপানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পরে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয় এবং তিনি হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের সাংবাদিক ইউকি ইমাই।
রাশিয়ার ভূখণ্ডে গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হলেও জাপান এই অভিযোগ অস্বীকার করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপবিষয়ক দেশটির শীর্ষ কূটনীতিক কিমিতাকে নাকামুরা মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের প্রধান লিউদমিলা ভরোবিওভার সঙ্গে বৈঠক করেন।
জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন যে রাশিয়ায় আটক জাপানি নাগরিকের সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের যত দ্রুত সম্ভব সাক্ষাতের সুযোগ দেওয়া ও তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাশিয়ায় জাপানের গুপ্তচরবৃত্তির অভিযোগ ইতিমধ্যেই অস্বীকার করেছেন।
এদিকে প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভকে তলব করেছে টোকিও এবং মস্কোকে ইমাইয়ের সঙ্গে ন্যায্য ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়েছে। কিহারা জানান যে ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান এবং বর্তমানে জাপান-রাশিয়া সম্পর্ক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।