agamir somoy
সুস্থ হয়ে বাড়ি ফিরছেন খুলনার ছাত্রদল নেতা খান সাইফুল
বিজ্ঞাপন

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার আগে তাকে প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ছাত্রদলের এই সাবেক নেতার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুলের একটি বক্তব্য প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত সুচিকিৎসার নির্দেশ দেন।

গত ১১ অক্টোবর সাইফুলকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলে। নয় দিনের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা সাইফুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৩ সালে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে তারেক রহমানের নির্দেশে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এবার সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর জ্যেষ্ঠ সদস্য মাসুদ রানা লিটন ও ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন