প্রধানমন্ত্রী তারেক রহমানফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউয়ে বিএনপির এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতা–কর্মীদের এই বার্তা দেন তিনি। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশগ্রহণ করেন এবং তাদের ঐক্যবদ্ধ হয়ে গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য নেতা–কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতা–কর্মীদের আরও সজাগ থাকতে হবে এবং সবাই যার যার দায়িত্ব পালন করলে ৫০ ভাগ অপরাধ কমে যাবে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের বর্তমান সরকারের নামে ছড়ানো নানা গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।
এর আগে সামরিক বিমানযোগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নগরের জেএম সেন হল ও হোটেল এলাকায় উৎসুক লোকজন ও নেতা–কর্মীদের ভিড় জমে এবং কাজ শেষে রাতেই তিনি চট্টগ্রাম ছেড়ে যান।