বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের এক নতুন গবেষণায় দেখা গেছে, ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনে ব্যয় প্রায় ২৮ গুণ বেশি। ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের বার্ষিক ব্যয় ছিল প্রায় এক লাখ ৭০ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের বা জিডিপির তিন দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে, ডিজিটাল লেনদেন ব্যবস্থার বার্ষিক ব্যয় ছিল পাঁচ হাজার ৯৬৪ কোটি টাকা, যা জিডিপির মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। মাথাপিছু হিসাবে বছরে নগদ লেনদেনের ব্যয় নয় হাজার ৯৩৮ টাকা এবং ডিজিটাল লেনদেনে এ ব্যয় মাত্র ৩৪৮ টাকা। নগদ অর্থ ব্যবস্থাপনার সাথে মুদ্রা ছাপানো, পরিবহন, নিরাপত্তা নিশ্চিত করা এবং এটিএম বুথ পরিচালনার মতো নানা ধরনের ব্যয় জড়িত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: সিরাজুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লে ব্যাংক নোট ছাপানো ও ব্যবস্থাপনার সাথে যুক্ত পুনরাবৃত্ত ব্যয় কমানো সম্ভব হবে। পাশাপাশি লেনদেনের রেকর্ড সংরক্ষিত থাকায় দুর্নীতি, চুরি ও অর্থের অপব্যবহার কমাতেও তা সহায়তা করতে পারে। তবে রাজস্ব হারানোর এ ব্যয় হিসাবের বাইরে রাখলেও নগদ লেনদেনের ব্যয় ডিজিটাল লেনদেনের তুলনায় প্রায় ১২ গুণ বেশি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। গবেষণায় ছায়া অর্থনীতির কারণে সরকারের রাজস্ব হারানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে, যার পরিমাণ বছরে ৯৩ হাজার ৩০০ কোটি টাকা। এটি জিডিপির এক দশমিক ৭৭ শতাংশ এবং নগদ লেনদেনের মোট প্রাক্কলিত ব্যয়ের ৫৪ দশমিক ৭৬ শতাংশ। মোবাইল আর্থিক সেবা ও ইলেকট্রনিক অর্থ স্থানান্তরের প্রসার ঘটলেও দেশের লেনদেন ব্যবস্থায় নগদ অর্থের আধিপত্য এখনো রয়েছে এবং মোট লেনদেনের ৮০ শতাংশের বেশি নগদে সম্পন্ন হয়। ডিজিটাল লেনদেনের বিস্তারে প্রধান বাধাগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া বেশি মাশুল, অর্থ নিষ্পত্তিতে বিলম্ব, আন্তসংযোগের সীমাবদ্ধতা এবং ইন্টারনেট সংযোগের অনির্ভরযোগ্যতা। এছাড়া প্রতারণা, লেনদেন ব্যর্থ হওয়া এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সীমিত দক্ষতার কারণে অনেক গ্রাহক ও ব্যবসায়ী ইলেকট্রনিক লেনদেনে আগ্রহী হচ্ছেন না। ব্যবসায়ীদের কাছে ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও আকর্ষণীয় করতে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনدেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।