মুন্সীগঞ্জে তেল পরিমাপে কারচুপি এবং চিপস তৈরিতে ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। গতকাল সোমবার জেলা প্রশাসনের সহায়তায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
সদর উপজেলার রামপালে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টসকে ভোজ্য তেলের পরিমাপে কম এবং নিবন্ধনহীন পণ্য বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দশকানিতে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির অপরাধে রাজধানী চিপস ও ভাই ভাই চিপসকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আড়াই হাজার কেজি কাঁচা চিপস জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং ওই দুটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক এবং অভিযানে বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।