আজারবাইজানে অনুষ্ঠেয় বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সাথে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। এসময় তিনি তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সাক্ষাৎকালে দলের পক্ষ থেকে উন্নত মানের বুটের দাবি জানানো হলে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ১৪ জন খেলোয়াড়ের জন্য বুট ক্রয়ের নির্দেশ দেন। খেলোয়াড়দের পছন্দের বুট বাছাই করে দ্রুত খরচের হিসাব জমা দিতে বলা হয়েছে, যাতে দ্রুততম সময়ে তা সংস্থান করা যায়।
টুর্নামেন্টে ভালো ফল করলে সরকারের পক্ষ থেকে বড় উপহারের আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে খেললে সাফল্য সম্ভব। ১৯১টি দেশের অংশগ্রহণে এই বিশাল টুর্নামেন্টে তরুণ ফুটবলাররা দেশের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে শেষ মুহূর্তের সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন শুধু তার বক্তব্য নয়, বরং খেলোয়াড়দের প্রত্যাশা ও অনুভূতির কথাগুলো বেশি করে প্রচার করা হয়।