agamir somoy
ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ আলাদা করে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ডের সুবিধার আওতায় আনতে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, মোট ৫০০ ক্রীড়াবিদকে এই ক্রীড়া কার্ডের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী জানান, দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ইতিমধ্যেই ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আনা হয়েছে। এরই মধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং শিগগিরই ৯৫ জনকে নতুন করে সংযোজন করা হচ্ছে। পর্যাপ্ত ক্রীড়াবিদ পাওয়া না যাওয়ায় ৫০০ জনের কোটা এখনো পূরণ হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চার মাস পরপর অ্যাথলেটদের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা হালনাগাদ করা হবে। রেলপথ, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

ব্যক্তিগত কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ কথা আগেও বলা হয়েছে এবং ভবিষ্যতে এমন ভুল সিদ্ধান্ত যেন না হয় সে বিষয়ে সচেতন থাকা হবে। এশিয়ান গেমসের ফল নিয়ে তিনি বলেন, প্রাথমিক ফল হতাশাজনক হলেও ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং এনএসসির মূল্যায়ন কমিটির রিপোর্ট পেলে সার্বিক বিষয় তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ। এশিয়ান গেমসহ বছরব্যাপী ক্রীড়াবিদদের ট্রেনিং দেওয়া হবে। সরকার দেশের ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন