সুত্র: কালেক্টেড
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভাষা ইনস্টিটিউট ও উপকূলীয় ব্যবস্থাপনা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করতে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। বুধবার ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
প্রতিনিধি দলটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার পরিদর্শন করেন, যা ভবিষ্যতে একটি বিশেষায়িত ভাষা ইনস্টিটিউটে রূপান্তরের প্রস্তাব সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে এই ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এরপর প্রতিনিধি দলটি পাইকগাছা ক্যাম্পাসের একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। সেখানে উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যার আওতায় জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্রবিজ্ঞান বিভাগ চালু করার প্রস্তাব রয়েছে।
ক্যাম্পাসটিকে জলবায়ু পরিবর্তনের গবেষণার একটি অনন্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউজিসি। প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউজিসির প্রতিনিধি দলটি।