agamir somoy
সুদান-মিসর সীমান্তে বিমান হামলায় নিহত ৭২ খনিশ্রমিক
বিজ্ঞাপন

সুদান ও মিসর সীমান্তে স্বর্ণখনিশ্রমিকদের ওপর চালানো বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এই হামলার জন্য মিসরের সামরিক বাহিনীকে দায়ী করেছে। মিসরের দাবি, তাদের ভূখণ্ডের ভেতরে অবৈধ স্বর্ণ উত্তোলনকারীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল। দুর্গম পাহাড়ি এলাকায় এখনো শত শত খনিশ্রমিকের খোঁজ মেলেনি এবং নিখোঁজদের মধ্যে অনেক শিশু রয়েছে।

হামলার তীব্রতা ও বিভীষিকা কাটিয়ে উঠতে না পারলেও জীবিকার তাগিদে শ্রমিকেরা আবারও খনিতে ফেরার চেষ্টা করছেন। বেঁচে যাওয়া শ্রমিকদের অনেকে আহত অবস্থাতেই দীর্ঘ পথ হেঁটে নিরাপদ স্থানে পৌঁছান। সুদান ও মিসর সীমান্তের খনিজসম্পদসমৃদ্ধ এই পাহাড়ি এলাকায় এর আগেও জুনে মিসরের বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল।

সুদানের চলমান সংঘাত তরুণদের জীবিকার পথ সংকুচিত করে দেওয়ায় লাখ লাখ মানুষ ঝুঁকিপূর্ণ স্বর্ণ উত্তোলনের পেশায় জড়িয়ে পড়েছেন। আধুনিক নিরাপত্তাব্যবস্থা ছাড়াই খালি হাতে কাজ করা এসব শ্রমিকের সামনে যুদ্ধ ও বিমান হামলার পাশাপাশি পারদ ও সায়ানাইডের স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে বাধ্য হয়েই তারা এই বিপজ্জনক পেশা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন