agamir somoy
ভোটের আগেই ব্রাজিলে সামাজিক ভাতার অর্থ বিতরণের ঘোষণা
বিজ্ঞাপন

ব্রাজিলের বামপন্থী সরকার দেশটির গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতার অর্থ আগাম দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে কর্মসূচির প্রায় ৫ কোটি সুবিধাভোগী প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগেই অর্থ পাবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০০৩ সালে বলসা ফ্যামিলিয়া নামের এ কর্মসূচি চালু করেন। তিনি এবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর চেয়ে দুই শতাংশ পয়েন্ট পিছিয়ে ছিলেন লুলা। জনমত জরিপে দেখা যাচ্ছে, রোববারের দ্বিতীয় দফার নির্বাচনে দুই প্রার্থীর সমর্থন প্রায় সমান অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

ব্রাজিলের উন্নয়নমন্ত্রী জানিয়েছেন, এল নিনো জলবায়ু পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যতিক্রমী ঝুঁকি মোকাবিলায় বছরের শেষ পর্যন্ত বলসা ফ্যামিলিয়া কর্মসূচির অর্থ বিতরণের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। আগের সময়সূচি অনুযায়ী, সুবিধাভোগী পরিবারগুলোর প্রায় অর্ধেক অক্টোবর মাসের ভাতার অর্থ নির্বাচনের পর পেত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন সব পরিবারই ভোটের আগেই এই অর্থ পাবে। এর আগে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জইর বলসোনারো। তবে শেষ পর্যন্ত তিনি লুলার কাছে পরাজিত হন।

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের মতো দরিদ্র অঞ্চলগুলোর ভোট লুলার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এসে নিজের জয়ের সম্ভাবনা বাড়াতে লুলা একের পর এক সামাজিক কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন।

কর্মঘণ্টা কমানোর একটি প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন পাওয়াকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে তার সরকার। এ উদ্যোগটি জনসাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয় এবং লুলার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোও প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছেন।

২০০২ সালের নির্বাচনে প্রথমবার জয়ী হয়ে লুলা ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালের নির্বাচনে তিনি তৎকালীন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোকে পরাজিত করে তৃতীয়বারের মতো জয়লাভ করেন এবং ২০২৩ সালের ১ জানুয়ারি তৃতীয় মেয়াদে শপথ নেন। লুলা ১৯৮৯, ১৯৯৪ ও ১৯৯৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেগুলোতে জয়ী হতে পারেননি। ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ বাসস।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন