agamir somoy
আর্কটিকে নিজেদের উপস্থিতি বাড়াতে ইইউর নতুন কৌশল
বিজ্ঞাপন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে মঙ্গলবার নতুন পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগ্রাসী রাশিয়াকে মোকাবিলার বিষয়টিও ইইউর অন্যতম প্রধান অগ্রাধিকার। অঞ্চলটিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে জোটটি এ উদ্যোগ নিচ্ছে।

উত্তর মেরু অঞ্চলে ঘটে যাওয়া ঘটনাবলির প্রভাব আরও দক্ষিণের এলাকাতেও পড়ে, যা বিবেচনায় নিয়ে ইইউর প্রধান উরসুলা ভন ডার লিয়েন নতুন কৌশলটি উপস্থাপন করবেন। এর লক্ষ্য হলো অঞ্চলটি নিয়ে ইইউর সদস্যদেশগুলোর জন্য একটি অভিন্ন নীতিগত অবস্থান নির্ধারণ করা। এএফপির হাতে আসা খসড়ায় কানাডা, যুক্তরাজ্য ও নরওয়ের মতো ইইউর বাইরের সমমনা দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

ইইউর আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জোজেফ সিকেলা বলেন, আর্কটিকের নতুন বাস্তবতায় ইউরোপকে শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হতে হবে। আমাদের নতুন কৌশলের লক্ষ্য ঠিক এটাই। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের তীব্রতা বৃদ্ধি থেকে শুরু করে নিরাপত্তা ও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার মতো অঞ্চলের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো এতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বৈশ্বিক উষ্ণায়নে সমুদ্রের বরফ গলে যাওয়ায় আর্কটিক অঞ্চলে প্রতিযোগিতা বাড়ছে এবং রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশ সেখানে তৎপরতা জোরদার করছে। প্রাকৃতিক সম্পদ ও নতুন সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিতে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যের মধ্যে ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেন— এই তিনটি দেশ আর্কটিক অঞ্চলের হওয়ায় এ অঞ্চলে ইইউর গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন