দীর্ঘদিনের অনুশীলন ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিচ্ছেন দেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ব্ল্যাক বেল্ট টেস্ট-২০২৬’। আগামী ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ডেন পর্যায়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস শাকুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খান। অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্য কর্মকর্তা, বিচারক, প্রশিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে আব্দুস শাকুর চৌধুরী খেলোয়াড়দের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্ব দেন। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বাড়াতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা খেলোয়াড়দের উন্নয়নে ফেডারেশন, প্রশিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, খেলোয়াড়দের নিয়ে একটি সমন্বিত পরিবেশ গড়ে তোলাই ফেডারেশনের লক্ষ্য। ব্ল্যাক বেল্ট টেস্টকে সামনে রেখে খেলোয়াড়রা প্রত্যাশা করছে এই ধরনের মূল্যায়ন তাদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথে নতুন সম্ভাবনা তৈরি করবে।