জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানছবি: শফিকুর রহমানের ফেসবুক পেজ থেকে
পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তোলেন। জামায়াত আমির বলেন, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে।
ফেসবুক স্ট্যাটাসে শফিকুর রহমান আরও বলেন, দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী কার্যকলাপ, চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্ট্যাটাসের শেষাংশে দেশের তরুণ সমাজকে আরেকবার জেগে ওঠার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
এদিকে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক পৃথক বিবৃতিতে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান। এহসানুল মাহবুব বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক।
বিবৃতিতে অপরাধের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়। এ ছাড়া মাদকের বিস্তার রোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বিভাগ এবং দেশবাসীকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।