ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ (বাসস) : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাই ৮টি গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স ও ফাইনালের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে সানজিদা জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা তারা করেছিলেন। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের মাটিতে খেলা হওয়ায় তাদের লক্ষ্য সম্মান ধরে রাখা।
ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ও প্রস্তুতির পার্থক্য তুলে ধরে এই হ্যান্ডবল তারকা বলেন, ভারত অনেক শক্তিশালী দল এবং তারা সারা বছর ক্যাম্পে থাকে। অন্যদিকে বাংলাদেশের খেলোয়াড়রা চার-পাঁচ মাসের ক্যাম্পের মাধ্যমে নিজেদের যতটুকু সম্ভব প্রস্তুত করে থাকেন।
দলীয় সতীর্থ সাকিবা জান্নাত শাম্মীও ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন। ভারতকে অভিজ্ঞ ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে উল্লেখ করে তিনি জানান, তারা এই মুহূর্তে ভারতকে একটি ভালো ম্যাচ উপহার দিতে চান। ইনশাআল্লাহ তারা একদিন ভারতকে পরাজিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।