সরকারি ও বেসরকারি উদ্যোগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রোববার মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে সরকার। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যে বিশেষ প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় রয়েছে, তারা ক্যাপেক্স মডেলেও সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যমান আইনগুলোতে সৌরবিদ্যুতের মূল্য নির্ধারণ, ছাদের ভাড়া ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট বিধানের ঘাটতি ছিল। এই আইনি কাঠামো তৈরির লক্ষ্যেই নতুন অধ্যাদেশটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়, যা বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।