দরপত্র জমা দেয়ার সময়সীমা চার মাস বাড়ানো হয়েছে। ইন্টারনেট
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছে। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’ এর আওতায় এই দরপত্র জমা দেওয়ার কথা ছিল।
পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩০ নভেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা চার মাস বাড়িয়ে আগামী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফশোর বিডিং রাউন্ড নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে সম্প্রতি আলোচনা হয়েছে।
কোম্পানিগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ডাটা সেলস প্যাকেজ আরও সহজলভ্য করা হয়েছে। সময় বৃদ্ধি এবং ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।